উৎসবের মরসুমে হজমের সমস্যায় ভুগছেন? মুক্তি পেতে মেনে চলুন এই ঘরোয়া উপায়গুলি
উৎসবের মরসুমে অতিরিক্ত তেল-মশলাদার খাবার খাওয়ার ফলে অনেকেরই হজমের সমস্যা বা পেটে অস্বস্তি দেখা দেয়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া টোটকা অত্যন্ত কার্যকরী হতে পারে। পেটে গ্যাস বা ভারী ভাব দূর করতে এক চামচ জোয়ানের সঙ্গে সামান্য বিট নুন মিশিয়ে চিবিয়ে খেয়ে নিন এবং এরপর সামান্য উষ্ণ জল পান করুন। এটি দ্রুত আরাম দিতে সাহায্য করে।
পেট ফাঁপা বা গ্যাসের সমস্যায় আদা ও লেবুর রস মহৌষধের মতো কাজ করে। সামান্য আদার রসের সঙ্গে হাফ চা চামচ পাতিলেবুর রস ও এক চিমটি বিট নুন মিশিয়ে খেলে পাকস্থলীর জ্বালাপোড়া ও বমি ভাব কমে। এছাড়া জিরে ও হিংয়ের চা হজমশক্তি বাড়াতে এবং শরীর থেকে অতিরিক্ত গ্যাস বের করে দিতে দারুণ ভূমিকা নেয়। এক গ্লাস জলে জিরে ও হিং ফুটিয়ে সেই জল পান করলে বদহজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
মুখশুদ্ধি হিসেবে মৌরি ও মিশ্রি হজমশক্তি বাড়াতে এবং বুকজ্বালা কমাতে সাহায্য করে। আপনি চাইলে মৌরি ও মিশ্রির মিশ্রণ চিবিয়ে খেতে পারেন অথবা সারারাত জলে মৌরি ভিজিয়ে রেখে সকালে সেই জল পান করতে পারেন। এছাড়া অতিরিক্ত মশলাদার খাবারের ফলে পাকস্থলীতে জ্বালা অনুভূত হলে ঠান্ডা ঘোল বা মাঠার সঙ্গে ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে পান করুন। এটি পাকস্থলীকে শীতল রাখে এবং পেটের গোলমাল দূর করতে সাহায্য করে।