অরবিন্দ কেজরিওয়ালকে খুনের হুমকি, বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন সঞ্জয় সিং
আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় উত্তপ্ত জাতীয় রাজনীতি। তিলক নগরের বিধায়ক জারনাইল সিংয়ের কাছে আসা একটি ফোন কল ও হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে অভিযুক্ত ব্যক্তি কেজরিওয়ালের কাছে সাত কোটি টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে কেজরিওয়াল ও তাঁর মেয়ে হর্ষিতাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকে নিশানা করেছেন আপ সাংসদ সঞ্জয় সিং। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে পঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভাবমূর্তি নষ্ট করতে বিজেপি মরিয়া হয়ে উঠেছে। সঞ্জয় সিংয়ের দাবি, বিজেপি নেতারা তাঁদের অনুগামীদের দিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে হুমকি দিচ্ছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, অরবিন্দ কেজরিওয়াল যখন বিজেপির শীর্ষ নেতৃত্বকেই ভয় পান না, তখন এই ধরনের হুমকিদাতাদের দেখে তিনি ভীত হবেন না।
সম্প্রতি মুম্বইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাতের পর সঞ্জয় সিং পঞ্জাবে আপ সরকারের বিভিন্ন জনমুখী কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি দাবি করেন, শিক্ষা, বিদ্যুৎ ও জলের মতো মৌলিক পরিষেবার উন্নতির পাশাপাশি মা-বোনেদের আর্থিক সহায়তা ও স্বাস্থ্য বিমার মতো প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে সমাদৃত হয়েছে। সঞ্জয় সিংয়ের মতে, এই কাজের মূল্যায়নেই পঞ্জাবের মানুষ ফের আম আদমি পার্টিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী করবে।