সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নবান্নের কড়া নির্দেশিকায় শোকজের হুঁশিয়ারি

সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও গতি আনতে নবান্ন নতুন নির্দেশিকা জারি করেছে। বিভিন্ন সরকারি শংসাপত্র, লাইসেন্স বা পারমিটের আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হলে তা প্রশাসনিক নিয়মে ‘ডিমড অ্যাপ্রুভাল’ বা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হয়। এতদিন এই প্রক্রিয়ায় গাফিলতি থাকলেও আধিকারিকদের জবাবদিহি করতে হতো না। এবার সেই ফাঁকফোকর বন্ধ করতে মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল রাজ্যের প্রতিটি দপ্তরে কড়া নির্দেশিকা পাঠিয়েছেন।

নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনো আবেদন ‘ডিমড অ্যাপ্রুভাল’-এর আওতায় চলে গেলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে অবিলম্বে শোকজ করা হবে। ওই আধিকারিককে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে তার কারণ দর্শাতে হবে। জবাব সন্তোষজনক না হলে বা গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে নবান্নে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। বিগত মাসে কতগুলি আবেদন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হয়েছে, কতজনকে শোকজ করা হয়েছে এবং কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য এই রিপোর্টে থাকতে হবে। ২০১৩ সালের পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন মেনে নির্ধারিত সময়সীমার মধ্যে পরিষেবা প্রদান নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *