বরাহনগরে তরুণী খুনে দিল্লি থেকে গ্রেফতার প্রেমিক

বরাহনগরের ২৬ বছর বয়সি তরুণী অঞ্জলি সাউ খুনের ঘটনায় তাঁর প্রেমিককে দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ। বরাহনগর থানার একটি বিশেষ দল দিল্লির একটি রেলস্টেশনের বাইরে থেকে অভিযুক্তকে পাকড়াও করে। গত ১০ নভেম্বর বরাহনগরের শীতলামাতা লেনের একটি ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন এবং তদন্তকারীদের বিভ্রান্ত করতে বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাবজি খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। অভিযুক্ত নিজেও এই অনলাইন গেমে আসক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। খুনের পর মৃতার মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যান অভিযুক্ত। সেই ফোন ব্যবহার করে তিনি পরিবারের সদস্যদের বিভ্রান্তিকর মেসেজ পাঠাতেন এবং টাওয়ার লোকেশন বদলে পুলিশকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেন। তবে শেষ পর্যন্ত মোবাইলের লোকেশন ট্র্যাক করেই তাঁকে জালে তোলে পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বরাহনগরের ওই ফ্ল্যাটের দরজা ভেঙে অঞ্জলির দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ ছিল, তরুণীর গলায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হচ্ছে। তাকে জেরা করলেই খুনের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *