মঙ্গলের শিলাস্তরে কোরান্ডামের উপস্থিতি, লাল গ্রহের ভূতাত্ত্বিক ইতিহাস নিয়ে নতুন তথ্য
নাসার পারসিভারেন্স রোভার মঙ্গলের জেজ়েরো গহ্বরের শিলা বিশ্লেষণ করে এক বিশেষ ধরনের খনিজের উপস্থিতি শনাক্ত করেছে। রোভারের সুপারক্যাম যন্ত্রে থাকা লেজ়ার ও স্পেক্টোস্কোপিক প্রযুক্তির মাধ্যমে শিলার রাসায়নিক উপাদান পরীক্ষা করার সময় ৬৯২.৭ এবং ৬৯৪.১ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকচ্ছটা ধরা পড়ে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিকিরণ ক্রোমিয়ামযুক্ত কোরান্ডাম খনিজের উপস্থিতির ইঙ্গিত দেয়, যা পৃথিবীতে চুনি বা রুবি হিসেবে পরিচিত।
গবেষক দলের প্রধান অ্যান ওল্লিলার নেতৃত্বে এই সংক্রান্ত একটি গবেষণাপত্র ‘জিওফিজ়িক্যাল রিসার্চ লেটার্স’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন যে, মঙ্গলের মাটিতে আক্ষরিক অর্থে কোনো রত্নভাণ্ডার পাওয়া যায়নি। বরং এই কোরান্ডাম স্ফটিকের উপস্থিতি মঙ্গলের ভূতাত্ত্বিক বিবর্তনের এক গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করছে। পৃথিবীতে সাধারণত প্লেট টেকটনিক বা পাতের সঞ্চালনের ফলে শিলার রূপান্তর ঘটে, কিন্তু মঙ্গলে সেই প্রক্রিয়া অনুপস্থিত।
বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলের বুকে উল্কা বা গ্রহাণুর আঘাতের ফলে সৃষ্ট প্রচণ্ড তাপ ও চাপের প্রভাবেই এই ধরনের শিলার রূপান্তর ঘটে থাকতে পারে। রোভারের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা মঙ্গলের সৃষ্টি এবং কোটি কোটি বছরের বিবর্তনের ইতিহাস বোঝার চেষ্টা করছেন। এই খনিজটি ঠিক কোন প্রক্রিয়ায় মঙ্গলের বুকে তৈরি হয়েছে, তা জানতে পারলেই লাল গ্রহের ভূতাত্ত্বিক রহস্য উন্মোচন করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।