রাজ্য পরিবহণ নিগমের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ভলভো স্লিপার বাস

রাজ্য পরিবহণ নিগমের বহরে যুক্ত হতে চলেছে ৬টি নতুন অত্যাধুনিক ভলভো বাস। বেঙ্গালুরুর কারখানা থেকে আসা এই বাসগুলির মধ্যে দু’টি স্লিপার এবং চারটি ইকোনমি সিটার মডেলের। পরিবহণ নিগম সূত্রে খবর, এসবিএসটিসি-কে চারটি স্লিপার বাস দেওয়ার পরিকল্পনা রয়েছে। মূলত দূরপাল্লার রুটে যাত্রী পরিষেবার জন্য এই বাসগুলি ব্যবহার করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কলকাতা থেকে শিলিগুড়ি এবং কলকাতা থেকে পুরী রুটে এই বাসগুলি চালানোর সম্ভাবনা রয়েছে।

নতুন ভলভো ৯৬০০ সিরিজের এই বাসগুলিতে যাত্রীদের আরামের জন্য প্রশস্ত বার্থ, উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যক্তিগত চার্জিং পোর্ট, রিডিং লাইট এবং ইনফোটেনমেন্ট স্ক্রিনের মতো আধুনিক সুবিধা থাকছে। নিরাপত্তার খাতিরে বাসগুলিতে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম এবং ইলেকট্রনিক ভেহিকল স্টেবিলিটি কন্ট্রোল প্রযুক্তি যুক্ত করা হয়েছে। সাদা ও গেরুয়া রঙের এই বাসগুলির গায়ে হাওড়া ব্রিজ ও দক্ষিণেশ্বর মন্দিরের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি বাসের আনুমানিক দাম দেড় থেকে দুই কোটি টাকা।

পরিবহণ নিগম সূত্রে জানা গেছে, বেসরকারি সংস্থার তুলনায় সরকারি এই পরিষেবা অনেক কম ভাড়ায় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে কবে থেকে এই বাস পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং ভাড়ার তালিকা কী হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বছরের শুরুতে এনবিএসটিসি স্লিপার ভলভো পেলেও, এসবিএসটিসি এই প্রথম এমন বিলাসবহুল বাস পরিষেবা পেতে চলেছে। নতুন এই বাসগুলি দূরপাল্লার যাত্রীদের দীর্ঘ সফরকে আরও আরামদায়ক করে তুলবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *