প্রতিবেশীর দেওয়া মিষ্টি খেতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু যুবকের

মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে এক মর্মান্তিক ঘটনায় প্রতিবেশীর দেওয়া মিষ্টি খেয়ে প্রাণ হারালেন ৩৫ বছর বয়সী রাজেন্দ্র বারৌতিয়া। গত মঙ্গলবার রাতে নিজের বাড়ির উঠানে পরিবারের সদস্যদের সঙ্গে আগুন পোহাচ্ছিলেন রাজেন্দ্র। সেই সময় প্রতিবেশী রামভগত বারৌতিয়া সেখানে এসে তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করেন। অভিযোগ, আলোচনার মাঝেই রামভগত রাজেন্দ্রর হাতে একটি মিষ্টি তুলে দেন এবং সেটি খাওয়ার জন্য অনুরোধ করেন।

মিষ্টিটিকে রসগোল্লা ভেবে রাজেন্দ্র তাতে কামড় দিতেই ঘটে যায় ভয়াবহ বিপত্তি। মিষ্টির ভেতরে লুকিয়ে রাখা বোমাটি বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় রাজেন্দ্রর মুখ ও চোয়াল মারাত্মকভাবে জখম হয় এবং ঘটনাস্থল রক্তে ভেসে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে ডিন্ডোরি জেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ একটি মিষ্টির আড়ালে কীভাবে বোমা লুকিয়ে রাখা হলো এবং এই নৃশংস ঘটনার নেপথ্যে ঠিক কী উদ্দেশ্য ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত প্রতিবেশীর এমন আচরণে হতবাক স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *