পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে গুলি করে খুন, পলাতক অভিযুক্ত স্বামী
পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম রাকেশ চৌহান। রবিবার রাতে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় দম্পতির মেয়ে বাড়িতেই উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। অশান্তির আওয়াজ শুনে মেয়ে ঘরে ঢুকতে গেলে অভিযুক্ত তাকে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তে বলেন।
কিছুক্ষণ পরেই গুলির শব্দ শুনতে পান ওই তরুণী। দ্রুত ছুটে এসে তিনি দেখেন, তাঁর বাবা নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দিয়ে মায়ের গায়ে গুলি চালিয়েছেন। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। মেয়ের দাবি অনুযায়ী, বাবা-মায়ের মধ্যে প্রায়শই নানা বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকত। তবে ঠিক কী কারণে রবিবার রাতে এই চরম পদক্ষেপ নিলেন অভিযুক্ত, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার পরপরই অভিযুক্ত রাকেশ চৌহান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়েই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করতে ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং জোরকদমে তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক বিবাদকেই এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ বলে অনুমান করছেন তদন্তকারীরা। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সমস্ত দিক তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। উৎসবের রাতে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।