বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি শনিবারের মধ্যে আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপটি রবিবার আরও ঘনীভূত হয়ে সোমবার সন্ধ্যায় মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আপাতত এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে। ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন দিকে যাবে বা কোথায় আছড়ে পড়বে, তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য দেয়নি হাওয়া অফিস। তবে এই পরিস্থিতির কোনো প্রভাব উত্তরবঙ্গে পড়বে না বলেই মনে করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া পরিবর্তনের ফলে রাজ্যজুড়ে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দক্ষিণবঙ্গেও পারদ নামার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে দক্ষিণবঙ্গে পুনরায় শুকনো আবহাওয়া ফিরে আসবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *