কলকাতা মেট্রোর ব্লু লাইনে রক্ষণাবেক্ষণের কাজ, নভেম্বর ও ডিসেম্বরে ৫ দিন আংশিক বন্ধ পরিষেবা
কলকাতা মেট্রোর ব্লু লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে মোট পাঁচটি রবিবার পরিষেবা আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই সময়ে ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজ করা হবে। তবে মেট্রোর ইয়েলো ও গ্রিন লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। এই সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত পরিষেবা চালু থাকবে। উভয় দিক থেকেই প্রথম মেট্রো সকাল ৯টায় ছাড়বে।
এছাড়া ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। ওইদিন দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করবে। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো সকাল ৯টায় এবং ময়দান থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়বে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শেষ মেট্রো চলাচল করবে।