এসএসসির গ্রুপ ডি নিয়োগে অযোগ্য ১২ প্রার্থীর প্রার্থীপদ বাতিল

পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ২০২৫ সালের গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া থেকে ১২ জন বিতর্কিত প্রার্থীর প্রার্থীপদ বাতিল করেছে। গত শুক্রবার কমিশনের তরফে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাতিল হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন অলকেশ বর্মন, সাদ্দাম হোসেন, অনিন্দিতা মাইতি, অমিত মণ্ডল, মিলন দাস, অজয় বর্মন, মহম্মদ রশিদুল শেখ, অমল সরকার, মহম্মদ ফিরোজ আলম, সুমন আচার্য বৈষ্ণব, অপর এক সাদ্দাম হোসেন এবং শীলারানি মন্ত্রী।

কমিশন সূত্রে জানা গেছে, এই ১২ জনের মধ্যে চারজন ২০১৬ সালের প্রথম এসএলএসটি এবং বাকি আটজন তৃতীয় আরএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য বলে প্রমাণিত হয়েছিলেন। এদের নাম তৎকালীন দুর্নীতির অভিযোগে গঠিত তালিকা এবং সিবিআইয়ের চিহ্নিত ওএমআর শিট কারচুপির তালিকায় ছিল। এসএসসির নির্দেশিকা অনুযায়ী, ২০২৫ সালের শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী কোনো ধাপেই তাঁরা আর অংশ নিতে পারবেন না।

সিবিআইয়ের নজরে থাকা সত্ত্বেও কীভাবে এই প্রার্থীদের নামে বৈধ অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নজরদারি নিয়ে বিভিন্ন মহলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা প্রকাশ করেছিল, যেখানে ওএমআর শিটে অসঙ্গতির অভিযোগ থাকা বহু প্রার্থীর নাম ছিল। নতুন করে এই ১২ জনের নাম সামনে আসায় রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে ফের প্রশ্ন উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *