বাড়িতেই বানান দোকানের মতো খাস্তা ও নরম ঠেকুয়া, জেনে নিন সহজ রেসিপি

বাড়িতে ঠেকুয়া তৈরির সময় সঠিক মাপ ও কিছু কৌশলের দিকে নজর দিলে তা দোকানের চেয়েও সুস্বাদু ও নরম হয়। এর জন্য প্রয়োজন দুই কাপ গমের আটা, দুই টেবিল চামচ সুজি, এক কাপ গুড়, চার থেকে পাঁচ টেবিল চামচ ঘি, আধ কাপ কোরানো নারকেল, সামান্য মৌরি ও এলাচ গুঁড়ো। প্রথমে হালকা গরম জল বা দুধে গুড় ভিজিয়ে ছেঁকে নিন। এরপর আটা, সুজি, নারকেল ও মশলা মিশিয়ে তাতে ঘি দিয়ে ভালো করে ময়েন দিন। হাতের মুঠোয় আটা দলা পাকিয়ে গেলে বুঝবেন ময়েন ঠিক হয়েছে।

এবার গুড়ের মিশ্রণ দিয়ে আটা মেখে মাঝারি শক্ত মণ্ড তৈরি করে দশ-পনেরো মিনিট ঢেকে রাখুন। মণ্ড থেকে ছোট লেচি কেটে হাতের তালুতে চেপে বা ছাঁচের সাহায্যে পছন্দমতো নকশা তৈরি করুন। ছাঁচ না থাকলে কাঁটাচামচ বা ছুরির উল্টো পিঠ ব্যবহার করা যেতে পারে। ঠেকুয়া নরম ও সুস্বাদু করতে জলের বদলে হালকা গরম দুধ দিয়ে আটা মাখলে ভালো ফল পাওয়া যায়।

কড়াইতে তেল বা ঘি মাঝারি গরম করে আঁচ কমিয়ে ঠেকুয়াগুলো ভাজতে হবে। খুব বেশি আঁচে ভাজলে ওপরটা পুড়ে যেতে পারে এবং ভেতরটা কাঁচা থেকে যায়। আবার অতিরিক্ত সময় ভাজলে ঠেকুয়া শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সোনালি রঙ ধরলেই তেল ঝরিয়ে তুলে নিন। ঠান্ডা হওয়ার পর একটি এয়ারটাইট কৌটোয় ভরে রাখলে এই ঠেকুয়া পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত ভালো থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *