মহাদেব অ্যাপ কাণ্ড: ৬ রাজ্যে ৩৩ জায়গায় সিবিআইয়ের তল্লাশি, উদ্ধার গুরুত্বপূর্ণ নথি
মহাদেব অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দেশের ৬টি রাজ্যে মোট ৩৩টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছেন তদন্তকারীরা। এই অভিযানের সময় একাধিক সক্রিয় অনলাইন বেটিং ও জুয়ার প্যানেল খুঁজে পাওয়া গিয়েছে, যা তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। তল্লাশিতে বিভিন্ন ডিজিটাল যন্ত্র, মোবাইল ফোন এবং হাওয়ালা নেটওয়ার্ক ও ‘মুল অ্যাকাউন্ট’ ব্যবহারের প্রমাণবাহী গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে যে, বিদেশ থেকে পরিচালিত এই প্ল্যাটফর্মটি ভারতে প্যানেল অপারেটরদের একটি বিশাল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করত। এই অপারেটররা অন্যের নামে খোলা বা ভাড়া নেওয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেটিংয়ের টাকা সংগ্রহ করত। পরবর্তীতে সেই টাকা হাওয়ালা চ্যানেলের সাহায্যে বিদেশে পাচার করা হতো। উল্লেখ্য, সৌরভ চন্দ্রাকরকে গ্রেফতারের পর রায়পুরের বিশেষ আদালতে পেশ করা হলে তাকে ১৯ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে সিবিআই জনসাধারণকে সতর্ক করে জানিয়েছে যে, অনলাইন বেটিং ও জুয়া সম্পূর্ণ বেআইনি। নিজের ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড বা পরিচয়পত্র অন্য কাউকে ব্যবহারের জন্য দেওয়াও একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এই ধরনের বেআইনি কাজে যুক্ত থাকলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে কেন্দ্রীয় সংস্থাটি স্পষ্ট বার্তা দিয়েছে।