পঞ্জাবে কম্পিউটার শিক্ষকদের ডিএ বৃদ্ধি, নিয়মিত করা হলো অশিক্ষক কর্মীদের চাকরি

দীপাবলি উপলক্ষে পঞ্জাব সরকার রাজ্যের কম্পিউটার শিক্ষকদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। পঞ্জাব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এডুকেশন সোসাইটি (PICTES)-এর অধীনে কর্মরত ৬ হাজার ৫০৭ জন কম্পিউটার শিক্ষকের ডিএ ১৮১ শতাংশ থেকে বাড়িয়ে ২২১ শতাংশ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, উৎসবের মরসুমে শিক্ষকদের জন্য এটি বিশেষ উপহার।

ডিএ বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকার সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে দীর্ঘ সময় ধরে কর্মরত ১ হাজার ৭ জন অশিক্ষক কর্মীর চাকরি নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট কর্মীদের কর্মজীবনে স্থায়িত্ব ও সুরক্ষা নিশ্চিত হবে। তবে এই কর্মীদের আর্থিক সুবিধা এবং তা কার্যকর হওয়ার তারিখ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও সরকারিভাবে জানানো হয়নি।

এর আগে গত ৪ নভেম্বর পঞ্জাবের প্রায় ৮ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ ডিএ ও ডিআর বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। গত ১ নভেম্বর থেকে এই বর্ধিত হার কার্যকর হয়েছে, যা ডিসেম্বর মাসের বেতন ও পেনশনের সঙ্গে কর্মীরা হাতে পাবেন। ২০২২ সালে ক্ষমতায় আসার সময় ডিএ-র হার ছিল ২৮ শতাংশ, যা বর্তমান সরকারের আমলে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হয়েছে।

রাজ্য সরকারের এই ঘোষণা সত্ত্বেও বকেয়া ডিএ মেটানো এবং অন্যান্য দাবি নিয়ে সরকারি কর্মীদের একাংশের আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। নতুন এই ঘোষণা বহু কর্মীকে স্বস্তি দিলেও, বকেয়া মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা ও দাবি-দাওয়া এখনও জারি রয়েছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *