অ্যান্ড্রয়েড ফোনের সুরক্ষায় গুগলের নতুন ফিচার, চুরি হলেও সুরক্ষিত থাকবে তথ্য
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুগল বেশ কিছু নতুন ফিচার নিয়ে এসেছে। এর মধ্যে অন্যতম হলো ‘থেফট ডিটেকশন লক’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে ফোন ছিনতাইয়ের ঘটনা শনাক্ত করে এটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন লক করে দেয়। এছাড়া ‘ফেইলড অথেন্টিকেশন লক’ ফিচারের মাধ্যমে বারবার ভুল পাসওয়ার্ড দিয়ে ফোন খোলার চেষ্টা করলে তা দীর্ঘ সময়ের জন্য লক হয়ে যাবে, যা চোরদের হাত থেকে ফোনকে রক্ষা করবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় যুক্ত করা হয়েছে ‘আইডেন্টিটি চেক’ ফিচার। ব্যবহারকারী যখন পরিচিত এলাকার বাইরে থাকবেন, তখন কোনো আর্থিক অ্যাপ খুলতে গেলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ দিতে হবে। এর ফলে ফোন হাতছাড়া হলেও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। পাশাপাশি ‘রিমোট লক’ ফিচারের মাধ্যমে অন্য কোনো ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার করে খুব সহজেই হারিয়ে যাওয়া ফোন লক করা সম্ভব।
গুগল ধাপে ধাপে এই আপডেটগুলো সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করছে। বর্তমানে পিক্সেল ব্যবহারকারীরা এই সুবিধাগুলো পেতে শুরু করেছেন। ফোনের সেটিংস অপশনে গিয়ে সিকিউরিটি বিভাগে এই নতুন ফিচারগুলো পাওয়া যাবে। ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, আপডেট আসার সঙ্গে সঙ্গে এই সুরক্ষা ব্যবস্থাগুলো চালু করে নিতে, যাতে ফোন চুরি বা হারানোর দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়।