ধর্মনগরে বিজেপির নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখলেন সাংসদ বিপ্লব কুমার দেব
আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখলেন সাংসদ বিপ্লব কুমার দেব। শনিবার সকালে ধর্মনগর রেলস্টেশনে পৌঁছালে বিধায়ক জহর চক্রবর্তীসহ দলের স্থানীয় নেতৃত্ব তাঁকে স্বাগত জানান। এরপর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আয়োজিত এক বিশেষ সাংগঠনিক বৈঠকে তিনি অংশ নেন। ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও বন্দেমাতরম সংগীতের মাধ্যমে বৈঠকের সূচনা হয়।
এই বৈঠকে ধর্মনগর পুর পরিষদের ২৫ জন বিজেপি প্রার্থী ছাড়াও বিধায়ক বিনয় ভূষণ দাস, যাদব লাল নাথ এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক কার্যক্রম, প্রচার কৌশল এবং প্রার্থীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূলত প্রার্থী ও কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নির্বাচনী প্রস্তুতিকে আরও গতিশীল করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দল সিপিআইএমকে তীব্র আক্রমণ করেন বিপ্লব কুমার দেব। তিনি দাবি করেন, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের পর বিরোধীদের সাংগঠনিক তৎপরতা স্তিমিত হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, বিরোধী দলের একাংশ প্রচারের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপিকে নিয়ে মন্তব্য করতেই বেশি ব্যস্ত। তবে বিজেপির কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে দলের সঙ্গেই থাকবেন বলে তিনি আশাপ্রকাশ করেন। আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য পুর নির্বাচনকে কেন্দ্র করে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।