দিল্লিতে দূষণের দাপট অব্যাহত, রবিবারের বৃষ্টির অপেক্ষায় রাজধানী

দীপাবলির পর থেকেই দিল্লির বাতাসের গুণমান লাগাতার খারাপ হচ্ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, রাজধানীর অন্তত ১৩টি এলাকায় বাতাসের গুণমান সূচক বা একিউআই ৪০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে বসুন্ধরা এনক্লেভ, ছাওলা, ওয়াজিরপুর, আনন্দ বিহার, রোহিণী এবং আইআইটি দিল্লির মতো এলাকাগুলিতে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। শুক্রবার দেশের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে দিল্লি। পাশাপাশি নয়ডা ও গুরুগ্রামেও বাতাসের মান ‘খুব খারাপ’ পর্যায়ে রয়েছে।

বাতাসে অতি ক্ষুদ্র ধূলিকণা বা পিএম ২.৫-এর মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইআইটিএম-এর তথ্য অনুযায়ী, দিল্লির দূষণের প্রায় ৩১.৫ শতাংশের জন্য দায়ী যানবাহনের ধোঁয়া। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো, বর্জ্য পোড়ানো এবং শিল্পক্ষেত্রের দূষণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্যাটেলাইট ইমেজে দীপাবলির আগেই রাজধানীর আশেপাশে পাঁচ শতাধিক স্থানে খড় পোড়ানোর ঘটনা ধরা পড়েছে।

তবে এই বিষাক্ত পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তির আশা জাগাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার দিল্লির বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে এই বৃষ্টি দূষণ কিছুটা কমাতে সাহায্য করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও শনিবার উত্তর-পশ্চিমমুখী হাওয়ার কারণে পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে ধোঁয়া ফের রাজধানীতে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *