অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের নোটিস, তলব গিরিশ পার্ক থানায়
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে নোটিস পাঠাল কলকাতা পুলিশ। গত ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। বিভিন্ন সভা ও জনসমাবেশে পুলিশ প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সরকার পরিবর্তন হলে নির্দিষ্ট কিছু পুলিশ আধিকারিককে দেখে নেওয়া হবে, এমন মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে পুলিশি কাজে বাধা ও হুমকির অভিযোগে এফআইআর রুজু করা হয়েছে।
এই মামলার তদন্তের স্বার্থেই পুলিশ তাঁকে নির্দিষ্ট দিনে গিরিশ পার্ক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। তদন্তে সহযোগিতা করার জন্য তাঁকে এই নোটিস পাঠানো হয়েছে। সাম্প্রতিক সময়ে অভিষেকের বাসভবনের নিরাপত্তা ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেই তাঁর বাড়ির সামনের ফুটপাথের অস্থায়ী কাঠামো ও লোহার গেট পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে ভেঙে ফেলা হয়েছিল।
নিরাপত্তার ঘাটতি ও হামলার আশঙ্কার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতির মধ্যেই পুলিশের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলেছে। ডায়মন্ড হারবারের সাংসদ নির্ধারিত দিনে থানায় হাজিরা দেন কি না এবং এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।