শিশু দিবসে খুদেদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন শিলিগুড়ি মহিলা থানার

শিশু দিবস উপলক্ষে শিলিগুড়ি মহিলা থানার উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ অনুষ্ঠান। শিলিগুড়ি মহিলা থানার ওসি বিমলা কার্কি ছেত্রীর নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিশুদের সৃজনশীলতাকে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে শিশুরা রং-তুলির ব্যবহার, নাচ ও কবিতার মাধ্যমে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে। প্রতিযোগিতার শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তবে শুধু বিজয়ীরাই নয়, অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে বিশেষ উপহার হিসেবে রং পেন্সিল এবং বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়। থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা এই আয়োজনে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। পুলিশের কাজ যে কেবল অপরাধ দমন বা আইনশৃঙ্খলা বজায় রাখা নয়, বরং সমাজের আগামী প্রজন্মের পাশে দাঁড়িয়ে তাদের আনন্দ দেওয়া এবং সৃজনশীলতাকে সম্মান জানানোও যে সামাজিক দায়বদ্ধতার অংশ, তা এই অনুষ্ঠানের মাধ্যমে ফুটে উঠেছে। খুদে পড়ুয়াদের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *