মাত্র ১৫ বছর বয়সেই বিশ্বরেকর্ড, সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন ভারতের বৈভব সূর্যবংশী
মাত্র ১৫ বছর বয়সে ক্রিকেট দলের নেতৃত্ব দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ অধিনায়ক। এই অর্জনের মাধ্যমে তিনি ক্রোয়েশিয়ার জ্যাক বুকুসিকের রেকর্ড ভেঙে দিয়েছেন। এর আগে ১৭ বছর ৩১১ দিন বয়সে অধিনায়কত্ব করে বুকুসিক এই তালিকার শীর্ষে ছিলেন।
নিজের অভিষেক ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিহার। ওপেনার হিসেবে মাঠে নেমে বৈভব ১২ বলে ১৮ রান করেন, যার মধ্যে ছিল দুটি চার ও একটি ছক্কা। ইনিংসের পঞ্চম ওভারে চেতন সকারিয়ার বলে আউট হয়ে তিনি সাজঘরে ফেরেন। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারলেও, সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে তাঁর এই কীর্তি ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য যে, বৈভবের এই অধিনায়কত্বের মেয়াদ দীর্ঘস্থায়ী হচ্ছে না। আগামী ১৯ নভেম্বর থেকে কাতারে শুরু হতে চলা ‘রাইজিং স্টারস এশিয়া কাপ’-এ অংশগ্রহণের জন্য তিনি শীঘ্রই দল ছাড়বেন। এর আগে চলতি বছরের শুরুতে দুলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়কের দায়িত্বও সামলেছেন এই প্রতিভাবান তরুণ ক্রিকেটার।