দিল্লিতে দূষণের দাপট অব্যাহত, রবিবারের বৃষ্টির অপেক্ষায় রাজধানী
দীপাবলির পর থেকেই দিল্লির বাতাসের গুণমান লাগাতার খারাপ হচ্ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, রাজধানীর অন্তত ১৩টি এলাকায় বাতাসের গুণমান সূচক বা একিউআই ৪০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে বসুন্ধরা এনক্লেভ, ছাওলা, ওয়াজিরপুর, আনন্দ বিহার, রোহিণী এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের মতো এলাকাগুলিতে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে দিল্লি দেশের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে।
বাতাসে অতি ক্ষুদ্র ধূলিকণা বা পিএম ২.৫-এর মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় রাজধানী কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। আইআইটিএম-এর তথ্য অনুযায়ী, দিল্লির দূষণের প্রায় ৩১.৫ শতাংশের জন্য দায়ী যানবাহনের ধোঁয়া। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো, বর্জ্য পোড়ানো এবং শিল্পক্ষেত্রের দূষণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্যাটেলাইট ইমেজে দীপাবলির আগেই রাজধানীর আশেপাশে অন্তত ৫৩৭টি জায়গায় খড় পোড়ানোর ঘটনা ধরা পড়েছে।
এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির আশায় রয়েছে দিল্লিবাসী। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার দিল্লির বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। এই বৃষ্টি দূষণ কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। তবে শনিবার উত্তর-পশ্চিমমুখী হাওয়া পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে খড় পোড়ানোর ধোঁয়া ফের রাজধানীতে টেনে আনতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।