কালিম্পঙে নিখোঁজ ডব্লিউবিসিএস অফিসারের দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

কালিম্পঙের ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীমান-এর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ২০১৫ সালের ডব্লিউবিসিএস ব্যাচের এই অফিসার। দীর্ঘ ছয় দিন খোঁজাখুঁজির পর বুধবার তিস্তা নদী থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার সময় তিনি নিজের মোবাইল ফোনটি বাড়িতেই রেখে গিয়েছিলেন, যা নিয়ে সহকর্মীদের মধ্যে প্রথম সন্দেহের উদ্রেক হয়।

নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। কালিম্পঙে তাঁর সরকারি আবাসনে গিয়েও সহকর্মীরা তাঁকে পাননি। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে দেহ শনাক্ত করা হয়। এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কালিম্পঙের পুলিশ সুপার অপরাজিতা রাই।

একজন সরকারি আধিকারিককে খুঁজে পেতে কেন এত সময় লাগল, তা নিয়ে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে। একাংশের দাবি, কাজের চাপের কারণেই হয়তো এমন ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার পর তাঁকে উদ্ধারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও উঠেছে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁকে খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *