কিশ্তওয়াড়ে দুই এসপিও হত্যার ঘটনায় জারি চিরুনি তল্লাশি, জঙ্গিদের খোঁজে পুরস্কার ঘোষণা

জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ে দুই স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) হত্যার ঘটনায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতরা হলেন কিয়ার গ্রামের বাসিন্দা রশপাল কুমার (৪৫) এবং ববি চাঁদ (৫৭)। তাঁরা স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপে কর্মরত ছিলেন। টহলদারির কাজে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর দাচ্ছনের দুর্গম পার্বত্য জঙ্গল থেকে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় তাঁদের সার্ভিস রাইফেলগুলিও খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

এই হত্যাকাণ্ডের পর গোটা দাচ্ছন ও মারওয়াহ সেক্টরের ঘন জঙ্গল ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। জঙ্গিরা যাতে কোনোভাবেই জঙ্গলের আড়াল বা স্থানীয় জনবসতিতে গা ঢাকা দিয়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য সংলগ্ন গ্রাম ও আবাসিক এলাকাগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি রাস্তায় কড়া নাকা তল্লাশি ও সাধারণ মানুষের গতিবিধির ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

তদন্তের স্বার্থে কিশ্তওয়াড় জেলা পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন ওয়ান্টেড জঙ্গির ছবি প্রকাশ করেছে। তাদের সন্ধান দিতে পারলে ৩০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের ধরতে এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং তল্লাশি অভিযান জোরকদমে চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *