ভোটার তালিকা সংশোধনের নামে নাম বাদ দেওয়ার অভিযোগ মানিক সরকারের
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ভোটার তালিকা সংশোধনের নামে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সিপিআইএম নেতা মানিক সরকার। তাঁর অভিযোগ, বিহার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে প্রায় ১৩ কোটি ৪০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অসম, হরিয়ানা ও পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে এই প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ দানা বেঁধেছে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশনার নিয়োগের বর্তমান পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন মানিক সরকার। তাঁর দাবি, নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারের প্রভাব বাড়ায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আজ প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার রক্ষার দাবিতে দেশজুড়ে সংগঠিত আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দিয়েছেন। তিনি স্পষ্ট করেন যে, কেবল দাবি জানিয়ে বসে থাকলে অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়, বরং আন্দোলনের মাধ্যমেই তা আদায় করতে হবে।
মানিক সরকারের অভিযোগ, বর্তমান সরকার শ্রমিক, কৃষক, ছাত্র-যুব ও সাধারণ মানুষের স্বার্থের পরিবর্তে বৃহৎ পুঁজিপতি ও জমির মালিকদের স্বার্থ রক্ষায় বেশি তৎপর। ধর্ম ও বর্ণভিত্তিক বিভাজনের রাজনীতিকে পরাস্ত করতে শ্রমজীবী মানুষকে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ত্রিপুরাসহ গোটা দেশে আন্দোলনের নতুন ধারা তৈরির শপথ নেওয়ার পাশাপাশি, দুঃশাসনের হাত থেকে মুক্তি পেতে দেশব্যাপী সংগ্রামের সমন্বয় সাধনের ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।