কাঁচা পেঁপে দিয়ে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু ক্যান্ডি, জেনে নিন সহজ পদ্ধতি

কাঁচা পেঁপে দিয়ে বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় সুস্বাদু মিষ্টি ক্যান্ডি। এই পদটি বানাতে প্রয়োজন এক কেজি কাঁচা পেঁপে, ৭৫০ গ্রাম চিনি, চার কাপ জল এবং এক টেবিল চামচ লেবুর রস। প্রথমে পেঁপে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর ফুটন্ত জলে পেঁপের টুকরোগুলি পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পেঁপে অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায়।

একটি কড়াইতে চিনি ও জল মিশিয়ে ঘন সিরা তৈরি করতে হবে। সিরা তৈরি হয়ে এলে তাতে সেদ্ধ করা পেঁপের টুকরোগুলি দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে ১৫ থেকে ২০ মিনিট রান্না করতে হবে। পেঁপের টুকরোগুলি স্বচ্ছ ও নরম হয়ে এলে এবং সিরা ঘন হয়ে গেলে তাতে লেবুর রস মিশিয়ে আরও দুই মিনিট নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে।

মিশ্রণটি ঠান্ডা হলে একটি ছাঁকনিতে তুলে তিন থেকে চার ঘণ্টা রেখে দিতে হবে যাতে অতিরিক্ত সিরা ঝরে যায়। এরপর একটি পরিষ্কার প্লেট বা ট্রেতে টুকরোগুলি আলাদা করে সাজিয়ে দুই থেকে তিন দিন কড়া রোদে শুকাতে হবে। ভালোভাবে শুকিয়ে গেলে বায়ুরোধী পাত্রে ভরে সংরক্ষণ করলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া উপায়ে তৈরি কাঁচা পেঁপের ক্যান্ডি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *