স্বামীর এনকাউন্টারের আশঙ্কায় মানবাধিকার কমিশনে সুমিত রায়ের স্ত্রী

জমি কেলেঙ্কারি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী সুস্মিতা ঘোষ। সুমিতের স্ত্রী অভিযোগ করেছেন, পুলিশি হেফাজতে তাঁর স্বামীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। পাশাপাশি, নতুন কোনো মামলায় তাঁকে হেফাজতে নিয়ে সাজানো ঘটনার মাধ্যমে এনকাউন্টার করে প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

অভিযোগে জানানো হয়েছে, সুমিত স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত এবং ঘুমের সময় তাঁর একটি বিশেষ যন্ত্রের প্রয়োজন হয়। পুলিশি হেফাজতে তাঁকে সেই চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না এবং পর্যাপ্ত বিশ্রাম থেকেও বঞ্চিত রাখা হচ্ছে। এছাড়া রাতের অন্ধকারে তদন্তের অজুহাতে তাঁকে বিভিন্ন অপরাধস্থলে নিয়ে যাওয়া হচ্ছে বলেও দাবি করেছেন সুস্মিতা। রাজ্যে সাম্প্রতিককালের কয়েকটি এনকাউন্টারের প্রসঙ্গও তিনি তাঁর অভিযোগে উল্লেখ করেছেন।

অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রাজ্য মানবাধিকার কমিশন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার, উস্তি থানার ওসি, কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসিকে নোটিস পাঠিয়েছে। কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, তদন্তের প্রতিটি পদক্ষেপে যেন আইন ও মানবাধিকারের সুরক্ষা বজায় থাকে এবং অভিযুক্তের স্বাস্থ্যের যাতে কোনো ক্ষতি না হয়। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টেয় এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *