পুজোর ছুটির পর স্কুল খুলতেই পড়ুয়াদের জন্য এলাহি ভোজের আয়োজন বর্ধমানের স্কুলে
পুজোর দীর্ঘ ছুটির পর স্কুল খুলতেই বর্ধমান সিএমএস হাইস্কুলের পড়ুয়াদের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ মধ্যাহ্নভোজের। স্কুলের সহকারি প্রধান শিক্ষক গদাধর হাজরার উদ্যোগে আয়োজিত এই প্রীতিভোজে মেনুতে ছিল মোমো, চিকেন পকোড়া, পোলাও, চিলি চিকেন, চাটনি, পাপড়, মিষ্টি এবং আইসক্রিম। পড়ুয়াদের আবদার মেনেই এই এলাহি খাবারের ব্যবস্থা করা হয়, যেখানে স্কুলের অন্যান্য শিক্ষকরাও পূর্ণ সহযোগিতা করেছেন।
তবে এই রাজকীয় ভোজের বিনিময়ে পড়ুয়াদের কাছে একটি শর্ত রেখেছেন সহকারি প্রধান শিক্ষক। তিনি জানিয়েছেন, পড়ুয়াদের পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। গদাধরবাবুর কথায়, ছাত্রছাত্রীরা তাঁকে কথা দিয়েছে যে এবারের পরীক্ষার রেজাল্ট দেখে তিনি খুশি হবেন। পড়ুয়ারাও এই বিশেষ আয়োজনে অত্যন্ত উচ্ছ্বসিত এবং ভালো ফল করার প্রতিশ্রুতি দিয়েছে। ভালো ফলাফল করলে আগামী দিনেও এমন সুস্বাদু মেনুর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষক।
স্কুলের এই অভিনব উদ্যোগের খবর পেয়ে এদিন সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক। পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের মুখে হাসি ফোটাতে স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। পুজোর ছুটির পর স্কুল খোলার প্রথম দিনেই এমন আয়োজনে খুশি পড়ুয়ারাও।