ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বড় ঘোষণা নির্বাচন কমিশনের

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে সুপ্রিম কোর্টে বড় স্বস্তির বার্তা দিল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, রাজ্যের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত ভোটারদের এখন থেকে আর নতুন করে ফর্ম-৮ জমা দেওয়ার প্রয়োজন নেই। পরিবর্তে তাঁরা এনুমারেশন ফর্মের সঙ্গে ‘অ্যানেক্সার-সি’ এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিলেই চলবে। এই নথিপত্র বিএলও, ইআরও বা এইআরও-র কাছে জমা দেওয়া যাবে।

যাঁদের নাম ভুলবশত অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁদের নাম ফের অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব রাজ্যে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা এসআইআর চলছে, সেখানকার মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে নাম বাদ পড়া ভোটারদের কাছ থেকে এনুমারেশন ফর্ম বা অ্যানেক্সার-এ সংগ্রহ করতে। তবে খসড়া তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর যেসব ভোটার ইতিমধ্যেই ফর্ম-৬ জমা দিয়েছেন, তাঁদের নতুন করে আর কোনো ফর্ম জমা দিতে হবে না।

কমিশন জানিয়েছে, প্রতিটি যোগ্য নাগরিকের নাম যাতে চূড়ান্ত তালিকায় থাকে, তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। একই সঙ্গে ভোটার তালিকায় যাতে একই ব্যক্তির নাম একাধিকবার নথিভুক্ত না হয়, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। বৈধ ভোটারদের ক্ষেত্রে তাঁদের আগের এপিক নম্বরই বহাল থাকবে। এছাড়া বুথভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করা হবে এবং সেখানে নাম বাদ যাওয়ার সম্ভাব্য কারণও উল্লেখ থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *