চেক প্রজাতন্ত্র সফরে ভারতীয় সেনাপ্রধান ধীরজ শেঠ, প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ চেক প্রজাতন্ত্রে এক গুরুত্বপূর্ণ সফরে গিয়েছেন। এই সফরের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা, যৌথ প্রশিক্ষণ এবং অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্প ক্ষেত্রে নতুন অংশীদারিত্বের সম্ভাবনা খতিয়ে দেখা। সফরের শুরুতে তিনি প্রাগে জেনারেল স্টাফ হেডকোয়ার্টার্সে চেক সশস্ত্র বাহিনীর ফার্স্ট ডেপুটি চিফ অফ জেনারেল স্টাফ এবং ডেপুটি ডিফেন্স লেফটেন্যান্ট জেনারেল পেত্র সেপেলকার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এছাড়া তিনি দেশের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, চেক প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গেও সেনাপ্রধানের বৈঠক নির্ধারিত রয়েছে। এই আলোচনায় যৌথ সামরিক সহযোগিতা, বাহিনীর আধুনিকীকরণ এবং উদীয়মান আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি গুরুত্ব পাবে। সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি ব্রনোর ডিফেন্স ইউনিভার্সিটি এবং ন্যাটোর যৌথ রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল ও পারমাণবিক ডিফেন্স সেন্টার অফ এক্সিলেন্স পরিদর্শন করবেন। সেখানে তিনি চেক সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ পদ্ধতি ও অপারেশনাল ক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন।

প্রতিরক্ষা প্রযুক্তি এবং শিল্প ক্ষেত্রে যৌথ উদ্যোগের পথ প্রশস্ত করতে সেনাপ্রধান আন্তঃসরকারি প্রতিরক্ষা সহযোগিতা এজেন্সি, ডিফেন্স ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বিশেষ বৈঠক করবেন। এই সফর ভারত ও চেক প্রজাতন্ত্রের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *