দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে নালন্দা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রবিন্দু করছে ভারত
প্রাচীন ভারতের শিক্ষাকেন্দ্র নালন্দার ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে উদ্যোগী হয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, নালন্দা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ দর্শন ও ইতিহাসের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গণিতের মতো আধুনিক ও যুগোপযোগী বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘সেন্টার ফর সাউথইস্ট এশিয়ান স্টাডিজ’ ভারত ও আসিয়ান দেশগুলোর মধ্যে নীতিগত ও গবেষণামূলক সহযোগিতা বৃদ্ধির কাজ করছে। এখানে জলবায়ু পরিবর্তন, সমুদ্র বিজ্ঞান, বাণিজ্য, জনস্বাস্থ্য, ডিজিটাল সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো দশটি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা চলছে। এই উদ্যোগের মাধ্যমে প্রাচীন সভ্যতার ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে দুই পক্ষের অংশীদারিত্বকে আরও মজবুত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
আসিয়ানভুক্ত দশটি দেশের মেধাবী শিক্ষার্থীদের নালন্দার সঙ্গে যুক্ত করতে ভারত বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করেছে। ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনামের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর মোট ২০টি স্কলারশিপ দেওয়া হচ্ছে। এই সুবিধার আওতায় পড়াশোনার খরচ, আবাসন, বিমানভাড়া এবং মাসিক হাতখরচ বহন করছে ভারত। নালন্দার এই নতুন ভূমিকা ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।