অমিতাভ বচ্চনকে হত্যার ছক! সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খুনে ধৃত দুই শ্যুটারের বয়ানে চাঞ্চল্য
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু খুনের ঘটনায় ধৃত দুই শার্প শ্যুটারকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল। তদন্তকারীদের দাবি, ধৃতদের পরবর্তী বড় টার্গেট ছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। অমৃতসরে ম্যাড সান্ধুকে খুনের পর থেকেই অভিযুক্তরা দেশের বিভিন্ন প্রান্তে গা ঢাকা দিয়ে ছিল। পুলিশ সময়মতো তাদের গ্রেপ্তার না করলে তারা আরও বড় ধরনের নাশকতামূলক ঘটনা ঘটাতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশে বসে থাকা এক কুখ্যাত গ্যাংস্টারের নির্দেশে এই সমস্ত পরিকল্পনা করা হচ্ছিল। এসিপি বিবেক ত্যাগীর নেতৃত্বে একটি বিশেষ দল এই অপারেশান চালায়। প্রথমে পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা বিকাশ ঠাকুর ওরফে ভিকিকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, এক বিদেশি গ্যাংস্টারের নির্দেশে দিল্লির এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায় এবং তাঁর ওপর গুলি চালানোর পরিকল্পনা ছিল তাদের।
বিকাশ ঠাকুরকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই দ্বিতীয় শ্যুটারকে মুম্বই থেকে পাকড়াও করে পুলিশ। এই ঘটনায় স্পেশাল সেল থানায় অস্ত্র আইনে একটি পৃথক মামলা রুজু করা হয়েছে। বর্তমানে ধৃতদের জেরা করে এই আন্তর্জাতিক অপরাধ চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশি তৎপরতায় বড় ধরনের নাশকতার ছক ভেস্তে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রশাসন।