চিন সীমান্তে সামরিক তৎপরতা বৃদ্ধি, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে বড় আপডেট জয়শঙ্করের
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি বরাবর ভারতের সামরিক তৎপরতা ও মোতায়েন বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকেই সীমান্ত এলাকায় ভারতের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিদেশমন্ত্রী জানান, গত এক দশকে সীমান্ত পরিকাঠামো উন্নয়নে সরকার ব্যাপক জোর দিয়েছে। অতীতে সীমান্ত অঞ্চলের রাস্তা, সুড়ঙ্গ বা বিমানবন্দর নির্মাণে যে অবহেলা ছিল, তা কাটিয়ে এখন সঠিক সম্পদ ও নীতিগত উৎসাহের মাধ্যমে দেশের সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত করা হচ্ছে।
চিনের সঙ্গে অর্থনৈতিক প্রতিযোগিতার প্রসঙ্গে জয়শঙ্কর অতীতে নেওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিগুলির সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, আশির দশকে যখন বিশ্বজুড়ে শিল্পায়ন ও আধুনিকীকরণ চলছিল, তখন ভারত সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল। ১৯৮৮ সালে ভারত ও চিনের অর্থনীতির আকার প্রায় সমান থাকলেও পরবর্তী সময়ে চিন অনেকটা এগিয়ে যায়। সেই পিছিয়ে থাকা অবস্থা কাটিয়ে উঠতে বর্তমান সরকার এখন দেশের নিজস্ব শক্তিকে আরও মজবুত করার ওপর গুরুত্ব দিচ্ছে।
ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী। তিনি জানান, দুই দেশের মধ্যে অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান হয়ে গেছে এবং সামান্য কিছু উদ্বেগের বিষয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই এই চুক্তি চূড়ান্ত রূপ পেতে পারে। আমেরিকার পক্ষ থেকে এই চুক্তির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে তিনি জানিয়েছেন। জি২০ সম্মেলনের প্রেক্ষাপটে এই বাণিজ্য চুক্তির আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।