পুত্রবধূকে জেতাতে নির্বাচনী সভায় কালমা পাঠ বিজেপির সাত বারের বিধায়কের
রাজস্থানের চুরু জেলায় নির্বাচনী প্রচারের সময় এক জনসভায় কালমা পাঠ করে রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছেন বিজেপির সাত বারের বিধায়ক রাজেন্দ্র রাঠৌড়। নিজের পুত্রবধূ কনিকা সিংয়ের সমর্থনে আয়োজিত ওই সভায় তিনি ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসুলুল্লাহ’ বাক্যটি উচ্চারণ করেন। এর পাশাপাশি তিনি মহাত্মা গান্ধীর প্রার্থনাসঙ্গীতের পংক্তি উদ্ধৃত করে ঈশ্বর ও আল্লাহকে এক বলে উল্লেখ করেন। জাতপাত ও ধর্মের বিভেদ ভুলে মানবিকতার বার্তা দেওয়ার চেষ্টা করেন এই প্রবীণ নেতা।
রাজেন্দ্রর এই মন্তব্য ঘিরে দলের অন্দরেই মতপার্থক্য তৈরি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠৌড় দাবি করেছেন, রাজেন্দ্র যা বলেছেন তা কালমা নয় এবং মানুষ না জেনেই একে কালমা বলে অভিহিত করছেন। অন্যদিকে, কংগ্রেস মুখপাত্র স্বর্ণিম চতুর্বেদী এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, ভোটের স্বার্থে বিজেপি এখন মহাত্মা গান্ধীর প্রার্থনাসঙ্গীতের আশ্রয় নিচ্ছে, অথচ নির্বাচনে সংখ্যালঘু প্রার্থীদের টিকিট দেওয়ার ক্ষেত্রে দলের অনীহা রয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যে ওয়ার্ড থেকে কনিকা সিং প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে কায়মখানি মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। এর আগে কনিকা নিজেও ‘আসসালামু আলাইকুম’ বলে ভোটারদের অভিবাদন জানিয়েছিলেন। স্থানীয় ভোটের সমীকরণ মাথায় রেখেই বিজেপি নেতারা এই ধরনের বার্তা দিচ্ছেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। তবে রাজেন্দ্র রাঠৌড় দাবি করেছেন, তিনি বরাবরই মানুষের মধ্যে ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে এসেছেন এবং ঘৃণা ছড়াননি।