অবৈধ অটো ও টোটোর দৌরাত্ম্যের প্রতিবাদে বারুইপুরে পথ অবরোধ অটো চালকদের

বারুইপুরে অবৈধ অটো এবং টোটোর অবাধ চলাচলের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বৈধ অটো চালকরা। চালকদের অভিযোগ, মেন রোডে নিয়মবহির্ভূতভাবে টোটো ও অবৈধ অটো চলার কারণে নিত্যদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে বৈধ অটো চালকদের রুজি-রোজগার ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ যাত্রীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বিক্ষোভকারী চালকদের দাবি, বারুইপুরে প্রায় ২২৫০টি বৈধ অটো থাকলেও বর্তমানে ৩ হাজারের বেশি অবৈধ অটো ও টোটো কোনো অনুমতি ছাড়াই চলাচল করছে। এছাড়া অন্য রুটের অটোও এই এলাকায় ঢুকে পড়ায় যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। চালকদের একাংশের অভিযোগ, বিষয়টি নিয়ে বারুইপুর আরটিও এবং পুলিশ জেলা প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। প্রশাসনের একাংশের মদতেই টাকার বিনিময়ে এই অবৈধ যান চলাচল করছে বলে তারা দাবি করেছেন।

দীর্ঘ সময় ধরে এই সমস্যা চললেও প্রশাসন নির্বিকার থাকায় বাধ্য হয়েই চালকরা পথ অবরোধের পথ বেছে নেন। এই অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার এবং আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে অটো চালকরা হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *