জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ইমরান হাসান মোল্লা

২০২০ সালের ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় ইমরান হাসান মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার নাজরা গ্রামের বাসিন্দা ইমরানকে বুধবার সন্ধ্যায় দেউলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে উস্তি বাজার এলাকায় নিয়ে গিয়ে পুলিশি তৎপরতা চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাড্ডার কনভয়ে হামলার পুরনো মামলার পাশাপাশি ইমরানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, ব্যবসায়ীদের ভয় দেখানো এবং বেআইনি অস্ত্র সরবরাহের মতো অভিযোগ দায়ের হয়েছে। চলতি বছরের ২৭ আগস্ট এবং ৬ সেপ্টেম্বর উস্তি থানায় তাঁর বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছিল। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় দুষ্কৃতীদের দল তৈরি করে তিনি নিজের প্রভাব বিস্তার করেছিলেন এবং টাকা দিতে অস্বীকার করলে সাধারণ মানুষকে প্রাণনাশের হুমকি দিতেন।

আইনি জটিলতা এড়াতে ইমরান দীর্ঘদিন ধরে আত্মগোপন করে ছিলেন এবং বারবার ডেরা বদল করছিলেন বলে পুলিশের দাবি। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, এর আগে এই একই মামলায় ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের নামও জড়িয়েছিল। বর্তমানে ইমরানের গ্রেপ্তারি ঘিরে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে এবং পুলিশি তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *