কলকাতায় চিকিৎসকদের বুদ্ধিতে শ্বাসনালী থেকে চুম্বক বের করে প্রাণরক্ষা ৬ বছরের শিশুর
খেলার ছলে একটি চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু আরাফাত। চুম্বকটি তার শ্বাসনালীতে আটকে যাওয়ায় তীব্র শ্বাসকষ্ট ও কাশির সমস্যা শুরু হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে এক্স-রে করার পর চিকিৎসকরা দেখেন, শ্বাসনালীর অত্যন্ত সংবেদনশীল জায়গায় চুম্বকটি আটকে রয়েছে। প্রচলিত পদ্ধতিতে তা বের করার চেষ্টা করা হলেও চুম্বকীয় আকর্ষণের কারণে তা সম্ভব হচ্ছিল না। পরিস্থিতি জটিল হয়ে উঠলে চিকিৎসকরা এক অভিনব উপায় অবলম্বন করেন। হাসপাতালের পাশের একটি লেদ কারখানা থেকে বিশেষ উপায়ে একটি ছোট চুম্বক তৈরি করিয়ে আনা হয়। সেই চুম্বকের আকর্ষণে শ্বাসনালীতে আটকে থাকা চুম্বকটিকে অত্যন্ত নিখুঁতভাবে বাইরে বের করে আনা সম্ভব হয়।
প্রায় ১৩ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরাফাত। চিকিৎসকদের এই উপস্থিত বুদ্ধি ও অসামান্য প্রচেষ্টায় শিশুটি নতুন জীবন ফিরে পাওয়ায় তার পরিবার অত্যন্ত আনন্দিত। ১৩ দিনের উৎকণ্ঠা কাটিয়ে শিশুটি এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় রয়েছে।