সংসদের শীতকালীন অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল ও আসন বৃদ্ধির চ্যালেঞ্জ মোদি সরকারের সামনে
লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব এবং মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে দিল্লিতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই বিল কার্যকর করতে চাইছে কেন্দ্র। প্রস্তাবিত এই সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন বিলের মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর আগে গত ১৭ এপ্রিল বিশেষ অধিবেশনে প্রয়োজনীয় সমর্থনের অভাবে বিলটি পাশ করানো সম্ভব হয়নি, ফলে আসন্ন শীতকালীন অধিবেশন সরকারের কাছে বড় রাজনৈতিক ও সাংবিধানিক পরীক্ষা হতে চলেছে।
সংবিধান সংশোধনী বিল পাশের জন্য লোকসভায় দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৩৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন। বর্তমানে লোকসভায় ৫৪০ জন সদস্য রয়েছেন এবং তিনটি আসন খালি। এনডিএ জোটের হাতে ৩২০ জন সাংসদের সমর্থন থাকায় ম্যাজিক ফিগার ছুঁতে বিরোধী শিবিরের কিছু সাংসদের সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে সরকারকে। তবে সরকারি সূত্রের দাবি, প্রয়োজনীয় সংখ্যা তাদের পক্ষেই রয়েছে এবং ১৫ থেকে ১৮ ভোটের ব্যবধানে বিলটি পাশ হওয়ার বিষয়ে তারা আশাবাদী।
সংসদের বাদল অধিবেশন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা না করায় পুরনো অধিবেশন জিইয়ে রাখার কৌশল নিয়েছে কেন্দ্র। এর ফলে দুদিনের নোটিসে সংসদের বৈঠক ডাকার পথ খোলা রয়েছে, যেখানে নতুন অধিবেশন ডাকতে ১৪ দিনের নোটিস প্রয়োজন হয়। অন্যদিকে, ডিলিমিটেশন প্রক্রিয়ায় দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই উদ্বেগ সামলাতে প্রতিটি রাজ্যে ৫০ শতাংশ আসন বৃদ্ধি এবং ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে আনুপাতিক ভাগ বজায় রাখার মতো বিকল্প সূত্র নিয়ে আলোচনা চলছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে অধিবেশন শুরু হলে এই বিলকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ওঠার সম্ভাবনা রয়েছে।