কলকাতা মেট্রোর ব্লু লাইনে বিশেষ রক্ষণাবেক্ষণ, রবিবার ও ১৩ ডিসেম্বরে আংশিক ব্যাহত পরিষেবা

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু লাইনে বিশেষ রক্ষণাবেক্ষণের কাজের জন্য সময়সূচিতে পরিবর্তনের ঘোষণা করেছে। আগামী ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর—এই চার রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে এই সময়সীমার মধ্যে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে। উভয় প্রান্ত থেকেই প্রথম মেট্রো সকাল ৯টায় ছাড়বে এবং সন্ধ্যা ৬টার পর পুরো ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।

এছাড়াও আগামী ১৩ ডিসেম্বর রক্ষণাবেক্ষণের কাজের জন্য শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যবর্তী অংশে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অংশে মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত ট্রেনগুলি নিয়মিত চলবে। ১৩ ডিসেম্বর দক্ষিণেশ্বর থেকে ময়দানগামী প্রথম মেট্রো সকাল ৯টায় এবং ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়বে। সন্ধ্যা ৬টার পর ব্লু লাইনের পরিষেবা পুনরায় স্বাভাবিক হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু লাইনে এই বিধিনিষেধ থাকলেও ইয়েলো এবং গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে রবিবার হওয়ায় পার্পল এবং অরেঞ্জ লাইনে কোনো মেট্রো চলাচল করবে না। সাময়িক এই অসুবিধার জন্য মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে। যাত্রীদের যাতায়াতের আগে পরিবর্তিত সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *