চিনা ব্ল্যাকমেলিং রুখতে রাশিয়ার সঙ্গে বড় চুক্তি ভারতের, লিথিয়ামের জন্য পুতিনের হাত ধরছে নয়াদিল্লি

চিনের ওপর খনিজ নির্ভরতা কমাতে এবার রাশিয়ার সঙ্গে কৌশলগত বিরল খনিজ চুক্তির পথে এগোচ্ছে ভারত। প্রতিরক্ষা বা ক্ষেপণাস্ত্র নয়, বরং লিথিয়ামের মতো অতি প্রয়োজনীয় খনিজের অনুসন্ধান ও প্রক্রিয়াকরণে প্রযুক্তিগত সহযোগিতার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্রের খবর, সম্ভাব্য এই চুক্তির একটি খসড়া ইতিমধ্য়েই মস্কোয় পাঠিয়েছে নয়াদিল্লি। সবকিছু ঠিক থাকলে আগামী দুই মাসের মধ্যেই এই ঐতিহাসিক সমঝোতায় সিলমোহর পড়তে পারে।

চিনা একাধিপত্যে আঘাত হানার প্রস্তুতি

বর্তমানে বিশ্বজুড়ে বিরল খনিজ সরবরাহের ওপর চিনের একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ভারত তার প্রয়োজনীয় খনিজের প্রায় ৯৩ শতাংশই চিন থেকে আমদানি করে। ২০২৫ সালে বেজিং হঠাৎ রফতানি বন্ধ করে দিলে ভারতের ইলেকট্রিক ভেহিকল (ইভি) শিল্প গভীর সঙ্কটে পড়েছিল। এছাড়া অস্ত্র তৈরিতে চিনা খনিজ ব্যবহারের ওপর বেজিংয়ের কঠোর নিষেধাজ্ঞা ভারতের সামরিক স্বনির্ভরতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ‘চিনা শৃঙ্খল’ ভাঙতেই ভারত এখন রাশিয়ার সঙ্গে জোট বাঁধতে মরিয়া।

লিথিয়াম ও প্রযুক্তিতে বিশেষ গুরুত্ব

প্রস্তাবিত এই চুক্তিতে মূলত লিথিয়ামের ওপর জোর দেওয়া হচ্ছে, যা বৈদ্যুতিন গাড়ি এবং সেমিকন্ডাক্টর শিল্পের জন্য অপরিহার্য। রাশিয়া ও ভারত যৌথভাবে খনিজ অনুসন্ধান চালানোর পাশাপাশি খনিজ উত্তোলনের আধুনিক প্রযুক্তি আদান-প্রদান করবে। এক্ষেত্রে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা ‘রোসাটম’-এর সহায়তা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। ভারত ইতিমধ্য়েই আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মতো দেশের সঙ্গে চুক্তি করলেও রাশিয়ার সঙ্গে এই সমঝোতা ভূ-রাজনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।

কৌশলগত ভারসাম্য ও প্রভাব

ভারত সম্প্রতি আমেরিকার নেতৃত্বাধীন ‘প্যাক্স সিলিকা’ জোটে যোগ দিলেও রাশিয়ার সঙ্গে এই সমান্তরাল সম্পর্ক বজায় রাখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের সাথে সম্পর্কের ওঠাপড়া এবং চিনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় রাশিয়ার মতো পরীক্ষিত বন্ধুকে পাশে পাওয়া ভারতের জন্য বড় স্বস্তি। অন্যদিকে, পশ্চিমি নিষেধাজ্ঞায় জর্জরিত রুশ অর্থনীতিও ভারতের মতো বড় বাজার ও বিনিয়োগকারীকে পাশে পেতে আগ্রহী। এই দ্বিপাক্ষিক সহযোগিতা সফল হলে ২০৩০ সালের মধ্যে বিরল খনিজ ক্ষেত্রে ভারতের বিদেশি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *