চন্দ্রকোনায় ইউকো ব্যাঙ্কের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা
চন্দ্রকোনার বাঁকা এলাকার বাসিন্দা বুদ্ধনাথ বাবুর ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে ১ লক্ষ ৪০ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৪ নভেম্বর কোনো ওটিপি বা পিন নম্বর শেয়ার না করেই দু’দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে এই বিপুল পরিমাণ টাকা উধাও হয়ে যায়। মোবাইলে টাকা কেটে নেওয়ার মেসেজ আসার পরই বিষয়টি তাঁর নজরে আসে।
ভুক্তভোগী গ্রাহকের দাবি, তিনি ব্যক্তিগতভাবে কাউকে কোনো গোপন তথ্য বা ওটিপি দেননি। তবুও কীভাবে তাঁর কষ্টার্জিত জমানো টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হলো, তা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার আকস্মিকতায় হতবাক ওই গ্রাহক বিষয়টি বুঝতে পেরে দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো ঘটনার বিস্তারিত জানিয়ে অভিযোগ দায়ের করেন।
ব্যাঙ্কে অভিযোগ জানানোর পাশাপাশি বুদ্ধনাথ বাবু চন্দ্রকোনা থানার সাইবার হেল্প ডেস্কেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাইবার জালিয়াতির এই ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করার এবং খোয়া যাওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।