কুণাল ঘোষকে ২৪ ঘণ্টার সময়সীমা দিলেন মদন মিত্র
কুণাল ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে এবার মুখ খুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সম্প্রতি কুণাল ঘোষ দাবি করেছিলেন যে, মদন মিত্র রাতে তাঁকে ফোন করে কী বলেন তা তিনি জনসমক্ষে ফাঁস করে দেবেন। এই হুমকির জবাবে মদন মিত্র কুণালকে ২৪ ঘণ্টার একটি সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই বিতর্কে তিনি আজই ইতি টানতে চান এবং কুণালকে আর কোনো সুযোগ দেবেন না।
মদন মিত্রের দাবি, ফোনে কথোপকথন ফাঁস করার কথা বললেও কুণাল ঘোষ এখনও পর্যন্ত তা প্রকাশ্যে আনেননি। এই বিষয়ে কটাক্ষ করে মদন মিত্র বলেন, তিনি কুণাল ঘোষকে একটি মাল্টি কালার টি-শার্ট এবং সানগ্লাস উপহার দেবেন। একই সঙ্গে নিজের সাফাই দিয়ে তিনি দাবি করেন, তিনি এমন কোনো অশালীন বা অভদ্র কথা বলেননি যা ভদ্র সমাজে বলা যায় না। পাশাপাশি, কুণাল ঘোষের শারীরিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
এদিন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও উঠে আসে মদন মিত্রের কথায়। কল্যাণকে নিজের পুরনো বন্ধু বলে দাবি করে তিনি জানান, একসময় তাঁর প্রথম টেলিফোন নম্বরটি তিনিই জোগাড় করে দিয়েছিলেন। আগামী কাল শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দলের একটি কর্মসূচি রয়েছে। সেই প্রসঙ্গে মদন মিত্র বলেন, কল্যাণবাবুর কল্যাণ হোক, তবে নির্বাচনে তাঁরাই জিতবেন। দলের অভ্যন্তরের এই কথার লড়াই আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।