জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার লতিফ ভাট
জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তইবার কমান্ডার লতিফ ভাট নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সোমবার দক্ষিণ কাশ্মীরে নিরাপত্তা বাহিনী একটি বিশেষ অভিযান চালায়। এই অভিযানে লতিফ ভাট সহ আরও কয়েকজন জঙ্গি নিকেশ হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে। তবে সরকারিভাবে এই বিষয়ে বিস্তারিত নিশ্চিত তথ্য এখনও জানানো হয়নি।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর দুপুরে কুলগামের মীর বাজারের কাছে আখরান এলাকায় সিআরপিএফ-এর একটি পোস্ট লক্ষ্য করে বাইকে আসা জঙ্গিরা অতর্কিতে গুলি চালায়। এই হামলায় পশ্চিমবঙ্গের শান্তনু চন্দ্র সহ মোট তিনজন সিআরপিএফ জওয়ান আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে অনন্তনাগ জেলার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনার ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে কিশতওয়ারে দুই স্পেশ্যাল পুলিশ অফিসারকেও জঙ্গিরা হত্যা করে।
এই হামলার ঘটনার পর থেকেই নিরাপত্তা বাহিনী দোষীদের খোঁজে তল্লাশি শুরু করে। সিআরপিএফ-এর জম্মু-কাশ্মীর শাখার এডিজি সন্দীপ খিরওয়ার জানিয়েছিলেন, জওয়ানদের ওপর হামলার বদলা নিতে এবং দোষীদের শাস্তির আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সেই অনুযায়ী সোমবার কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। বর্তমানে ওই এলাকাটি ঘিরে রেখে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং অন্য এক জঙ্গি নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে রয়েছে বলে জানা গিয়েছে।