৭৫ ঊর্ধ্ব প্রবীণদের বাড়িতে রেশন পৌঁছে দেবে বিহার সরকার

রেশন দোকানের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী সংগ্রহের ঝক্কি থেকে মুক্তি পেতে চলেছেন প্রবীণ নাগরিকরা। বিহার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, ৭৫ বছর বা তার বেশি বয়সি নাগরিকদের বাড়িতেই চাল ও গম পৌঁছে দেওয়া হবে। শারীরিক অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে যাঁরা রেশন দোকানে গিয়ে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেন না, তাঁদের জন্য এই পরিষেবা অত্যন্ত সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে রেশন কার্ডধারীদের নিজেদের নির্ধারিত দোকানে গিয়েই খাদ্যসামগ্রী সংগ্রহ করতে হয়। বিশেষ করে একা থাকা বা অসুস্থ প্রবীণদের ক্ষেত্রে এই নিয়মটি অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই অসুবিধা দূর করতেই প্রশাসন বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী বছর থেকে এই পরিষেবা পুরোদমে কার্যকর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই নতুন পরিষেবার পাশাপাশি খাদ্য সুরক্ষা প্রকল্পের পরিধিও বৃদ্ধি করছে বিহার সরকার। সরকারি তথ্য অনুযায়ী, নতুন করে প্রায় ২৩ লক্ষ ৭৫ হাজার মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এছাড়া নতুন রেশন কার্ডের আবেদনকারীদের জন্য ৩০ দিনের মধ্যে কার্ড প্রদানের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। প্রশাসনিক পরিকাঠামো প্রস্তুত হলে আগামী বছর থেকে প্রবীণরা এই হোম ডেলিভারি পরিষেবার সুবিধা পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *