কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম লস্কর কমান্ডার লতিফ ভাট

জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে খতম হয়েছে মোস্ট ওয়ান্টেড লস্কর-ই-তৈবা কমান্ডার লতিফ ভাট। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক নাশকতামূলক হামলা ও সহিংসতার মূল হোতা হিসেবে চিহ্নিত ছিল সে। গত কয়েকদিন আগে কুলগামে সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে অতর্কিত গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছিলেন। এই ঘটনার পর থেকেই গোয়েন্দা নজরদারি ও চিরুনি তল্লাশি জোরদার করা হয়।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুলগামের একটি নির্দিষ্ট এলাকা ঘিরে ফেলে সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনীর যৌথ দল। উভয়পক্ষের তীব্র গুলিবিনিময়ের পর লতিফ ভাটের মৃত্যু নিশ্চিত হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা বাহিনীর এই সুপরিকল্পিত পদক্ষেপে উপত্যকার সন্ত্রাসবাদী নেটওয়ার্কে বড় ধাক্কা লেগেছে। এই সাফল্যকে সন্ত্রাস দমনে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

লতিফ ভাটের নিধনের খবর ছড়িয়ে পড়তেই জম্মুর বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও উল্লাসের পরিবেশ তৈরি হয়। ডোগরা ফ্রন্ট জম্মুর উদ্যোগে শহরের রাজপথে মিষ্টি বিতরণ ও ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয়রা। সাধারণ মানুষের মতে, নিরাপত্তা বাহিনীর এই বীরত্বপূর্ণ পদক্ষেপ উগ্রপন্থীদের মনোবলে বড় আঘাত হানবে এবং উপত্যকায় শান্তি ফেরানোর প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *