ভারতের জাতীয় পশু হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগারের স্বীকৃতির ইতিহাস

১৯৭২ সালের ১৮ নভেম্বর রয়্যাল বেঙ্গল টাইগারকে ভারতের জাতীয় পশু হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। এর আগে প্রায় ২০০ বছর ধরে সিংহ ছিল দেশের জাতীয় পশু। বাঘের অসাধারণ শারীরিক শক্তি, ক্ষিপ্রতা, সৌন্দর্য এবং দেশের ১৬ থেকে ১৭টি রাজ্যে তার ব্যাপক বিস্তৃতির কারণেই তাকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের নেপথ্যে ছিল বাঘের সংখ্যা দ্রুত কমে যাওয়ার মতো গভীর উদ্বেগজনক পরিস্থিতি।

উনিশ শতকের শেষভাগেও ভারতে প্রচুর বাঘ থাকলেও নির্বিচারে শিকার ও চোরাশিকারিদের দৌরাত্ম্যে তাদের অস্তিত্ব সংকটে পড়ে। ১৯৬৯ সালে বাঘের চামড়া রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং ১৯৭১ সালে গঠিত হয় ‘টাইগার টাস্ক ফোর্স’। ১৯৭২ সালে বাঘকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার পর ১৯৭৩ সালের এপ্রিল মাসে উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান থেকে ‘প্রজেক্ট টাইগার’ শুরু হয়। প্রাথমিক পর্যায়ে নয়টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয় এবং বনরক্ষী বাহিনী নিয়োগ করা হয়।

এই সংরক্ষণ কর্মসূচির সুফল হিসেবে ১৯৮৪ সাল নাগাদ ভারতে বাঘের সংখ্যা বেড়ে প্রায় ৪,০০০-এ পৌঁছায়। বর্তমানে বিশ্বের মোট বাঘের প্রায় ৭০ শতাংশ ভারতেই বাস করে। তবে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা বা আইইউসিএন-এর রেড লিস্টে বাঘ এখনও ‘বিপন্ন প্রজাতি’ হিসেবেই চিহ্নিত। বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, বাঘের অস্তিত্ব রক্ষা করা কেবল প্রাকৃতিক ঐতিহ্যের বিষয় নয়, বরং এটি পরিবেশের ভারসাম্য ও মানবজাতির ভবিষ্যতের জন্য অপরিহার্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *