লিফট ব্যবহারে কড়া নিয়ম জারি: ১২ বছরের কম বয়সীদের একা চড়ায় নিষেধাজ্ঞা
রাজ্যে লিফট ও এসকেলেটর ব্যবহারের ক্ষেত্রে নতুন নিরাপত্তা বিধি জারি করা হয়েছে। নিয়ম ১০(১৩) অনুযায়ী, ১২ বছরের কম বয়সি শিশুদের লিফট বা এসকেলেটরে ওঠার সময় অবশ্যই একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে থাকা বাধ্যতামূলক। তবে ১২ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। এছাড়া ১৮ বছরের কম বয়সি কাউকে লিফট অপারেটর হিসেবে নিয়োগ করা যাবে না। আবাসিক হাউজিং সোসাইটি, শপিং মল, বাণিজ্যিক কমপ্লেক্স ও হাসপাতালসহ সমস্ত সরকারি বা সর্বজনীন ভবনের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি লিফটে সিসিটিভি ক্যামেরা, অটোমেটিক রেসকিউ ডিভাইস এবং ওভারলোড প্রোটেকশন ডিভাইস বসানো বাধ্যতামূলক করা হয়েছে। ভবন মালিক ও হাউজিং সোসাইটিগুলোকে ২০২৭ সালের ২৮ অক্টোবরের মধ্যে এই সরঞ্জাম বসাতে হবে। পাশাপাশি অনুমোদিত ঠিকাদারের মাধ্যমে প্রতি মাসে লিফটের রক্ষণাবেক্ষণ এবং প্রতি বছর সেফটি অডিট করিয়ে ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের কাছে রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া লিফটের জন্য থার্ড-পার্টি ইন্স্যুরেন্স করাও বাধ্যতামূলক করা হয়েছে।
কোনো দুর্ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে স্থানীয় পুলিশ ও ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরকে বিষয়টি জানাতে হবে। এই নিরাপত্তা বিধি লঙ্ঘন করলে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে পারে। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট লিফট সিল করে দেওয়া বা ভবনের লিফট ব্যবহারের লাইসেন্স বাতিল করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় লিফট সংক্রান্ত একাধিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেই এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।