বৃষ্টির পূর্বাভাসে বদল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শোভাযাত্রার দিন

প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শোভাযাত্রার দিন পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার নির্ধারিত এই শোভাযাত্রা বাতিল করে তা রবিবার সন্ধ্যা ছটায় করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন ও সেন্ট্রাল জগদ্ধাত্রী পুজো কমিটি। নিত্যগোপাল স্মৃতি মন্দিরে আয়োজিত এক জরুরি বৈঠকে ১৮০টি পুজো কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শোভাযাত্রার পর সোমবার প্রতিমা বিসর্জন সম্পন্ন হবে। তবে যে সমস্ত পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেয় না, তারা আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে শনিবার অথবা রবিবার সকালে নিজেদের প্রতিমা বিসর্জন করতে পারবে।

উল্লেখ্য, চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট ৬৮টি কমিটি এই শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে। প্রায় ২৪৫টি লরি নিয়ে আলোকসজ্জার এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে প্রতি বছরই প্রচুর মানুষ ভিড় করেন। তবে বৃষ্টির পূর্বাভাস থাকায় ঝুঁকি না নিয়ে শোভাযাত্রা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উদ্যোক্তারা। কেন্দ্রীয় কমিটির সম্পাদক শুভদীপ সাউ জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শোভাযাত্রা করা সম্ভব নয় বলেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *