কলেজ স্ট্রিটে অশান্তি ও পুলিশি হেনস্থার প্রতিবাদে শনিবার মিছিলের ডাক এসএফআইয়ের

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবিভিপি সদস্যের উপস্থিতি নিয়ে বুধবারের ঘটনার রেশ ধরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর। এসএফআইয়ের অভিযোগ, বুধবার বিমান বসুকে উদ্দেশ্য করে কদর্য ভাষায় আক্রমণকারী এক ব্যক্তিকে ক্যাম্পাসে দেখতে পেয়ে ছাত্ররা প্রশ্ন করলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। সংগঠনের দাবি, পুলিশ লাঠি উঁচিয়ে কর্মীদের মারধর করে এবং মহিলা কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। ধাক্কাধাক্কিতে কয়েকজন কর্মী রাস্তায় পড়ে গেলেও পুলিশ তাদের সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ।

এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানান, বুধবার বইয়ের স্টলে বোমা নিক্ষেপ ও জাতীয় পতাকার ওপর ডিম ছোড়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে বই বিক্রির কর্মসূচিতে থাকা ৪১ জন ছাত্রছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, অভিযুক্তদের আড়াল করতেই পুলিশ অভিযোগকারীদের ওপর আক্রমণ চালাচ্ছে। এই ঘটনার প্রতিবাদে এবং পুলিশের দমন-পীড়নের বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

দেবাঞ্জন দে আরও বলেন, বইপাড়ায় বইয়ের স্বাধীনতা রক্ষা এবং এবিভিপির হামলার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর, শনিবার দুপুর ১টায় হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত বৃহত্তর মিছিলের ডাক দেওয়া হয়েছে। তিনি ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ‘বই বনাম বোমার যুদ্ধে বইয়ের পক্ষ নিন’ এই বার্তা দিয়ে তিনি কলেজ স্ট্রিটকে ভয়মুক্ত করার ডাক দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *