অ্যাপ ক্যাব নিষিদ্ধ ও ভাড়া বৃদ্ধির দাবিতে উত্তাল দিল্লি, ভোগান্তিতে সাধারণ মানুষ
বেসরকারি অ্যাপ ক্যাব নিষিদ্ধ করা এবং অটো ও ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবিতে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। ভারতীয় মজদুর সঙ্ঘ এবং ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসঙ্ঘের ডাকে এই আন্দোলনে শামিল হয়েছেন পরিবহণ কর্মীরা। রামলীলা ময়দানে অবস্থান বিক্ষোভের পাশাপাশি কেন্দ্রীয় ও দিল্লি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, গত দেড় বছরে ট্যাক্সি ও অটোচালকদের দেওয়া কোনো প্রতিশ্রুতিই পূরণ করা হয়নি।
ধর্মঘটের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লি ও সংলগ্ন এলাকায় ক্যাব ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। সাধারণ দিনে যে দূরত্বের জন্য ৩০০ টাকা ভাড়া লাগে, এদিন তা ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত পৌঁছায়। অটো ও ট্যাক্সির ভাড়াতেও বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। তিন কিলোমিটারের অটো ভাড়ার ক্ষেত্রে ৭০-৮০ টাকার পরিবর্তে ১০০ টাকা এবং ১০ কিলোমিটারের ট্যাক্সি ভাড়ার ক্ষেত্রে ৩০০ টাকার বদলে ৪০০ টাকা পর্যন্ত গুনতে হয়েছে যাত্রীদের।
আন্দোলনরত চালকদের দাবি, অ্যাপ ক্যাব সংস্থাগুলি নিষিদ্ধ হলে স্থানীয় ট্যাক্সি ও অটোচালকরা উপকৃত হবেন। এক চালকের প্রশ্ন, সরকার যদি টিকটক নিষিদ্ধ করতে পারে, তবে ওলা, উবার ও র্যাপিডো কেন নিষিদ্ধ করা যাবে না? এছাড়া অটোরিকশার ক্ষেত্রে নির্ধারিত ফিটনেস সংক্রান্ত নিয়ম প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা। এই ধর্মঘটের ফলে পঞ্জাব ও হরিয়ানাতেও যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষকে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়েছে।