বাড়িতেই সহজে চাষ করুন টাটকা ধনেপাতা, জেনে নিন সহজ পদ্ধতি
শীতের মরশুমে রান্নার স্বাদ বাড়াতে ধনেপাতার জুড়ি মেলা ভার। বাজার থেকে কিনে আনা ধনেপাতা দ্রুত নষ্ট হয়ে হলুদ হয়ে যায়। তবে চাইলে খুব সহজেই বাড়ির ভাঙা টব বা বালতিতে টাটকা ধনেপাতা চাষ করা সম্ভব। এর জন্য ৮ থেকে ১০ ইঞ্চির একটি পাত্র বেছে নিন, যার নিচে জল বেরোনোর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। দোআঁশ মাটির সঙ্গে কোকোপিট মিশিয়ে ঝুরঝুরে মাটি তৈরি করে নিন। টবটি এমন স্থানে রাখুন যেখানে প্রতিদিন অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা রোদ পাওয়া যায়।
ধনে বীজ বপনের আগে বিশেষ কিছু কৌশল অবলম্বন করলে দ্রুত চারা গজায়। ধনে দানার ভেতরে দুটি বীজ থাকে, তাই বপনের আগে বেলুন দিয়ে হালকা করে পিষে বা হাতে ভেঙে দানাগুলো আলাদা করে নিন। ভালো ফল পেতে বীজগুলো এক রাত টিস্যুতে মুড়ে রাখতে পারেন। পরের দিন সকালে মাটির প্রায় আধ ইঞ্চি গভীরে বীজগুলো ছড়িয়ে দিন এবং পরিমাণমতো জল দিন।
সঠিক পদ্ধতিতে বীজ বপন করলে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই চারাগাছ বেরিয়ে আসবে। তবে খেয়াল রাখতে হবে যেন মাটি সবসময় ভেজা থাকে। অতিরিক্ত জল দেওয়া থেকে বিরত থাকুন, কারণ গোড়ায় জল জমলে শিকড় পচে যেতে পারে এবং পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিত সঠিক পরিচর্যা করলে বাড়িতেই আপনি পাবেন বিষমুক্ত টাটকা ধনেপাতা।